মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আসর গড়িয়েছে নেপালে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। ৫-২ গোলের জয় নিয়ে আসর শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের হয়ে জোড়া গোল করেছেন গ্রেস ডাংমেই। বাকী তিন গোল করেছেন মানিশা, বালা দেবী ও জয়তী চৌহান। পাকিস্তানের গোল দুটি এসেছে সুহা হিরানী ও কায়লা মেরি সিদ্দিকীর পা থেকে।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে ভারত। প্রথমার্ধে চার গোলের লিড আদায় করে নেয় তারা। ৫ মিনিটে প্রথম গোলটি করেন গ্রেস। ১৭ মিনিটে মানিশা দ্বিতীয় গোল এবং ৩৫ মিনিটে বালা তৃতীয় গোলটি এনে দেন। ৪২ মিনিটে নিজের জোড়া গোলের দেখা পান গ্রেস।
৪-০ গোলে পিছিয়ে পড়ে যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম গোল শোধ করে পাকিস্তান। ভারতের জালে বল পাঠান সুহা। বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। ৪৭ মিনিটে ভারত রক্ষণ পরাস্ত করেন কায়লা। পরে পাকিস্তান আর কোনো গোল শোধ করতে না পারলেও ৭৮ মিনিটে পঞ্চম গোলটি করেন জয়তী। ৫-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।







