পর্তুগালে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং জুন্তা দে বেলেম। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য, সৃজনশীল কাজ ও ব্যবসায়িক উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মনতাজেরী দীনা। এছাড়াও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার জুন্তা দে বেলেমের প্রেসিডেন্ট জোয়াও কারভালহোসা, কাবো ভার্দে ও ইউক্রেনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মুহাম্মদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিকরা।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসী নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীলতা, সৃজনশীলতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে দেশীয় পণ্যের প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী নারী উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা করতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।








