আন্তর্জাতিক

ইউরোপে সময়ের পালাবদল, এক ঘণ্টা পেছাচ্ছে ঘড়ির কাঁটা

ইউরোপে সময়ের পালাবদল, এক ঘণ্টা পেছাচ্ছে ঘড়ির কাঁটা

ছবি : সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপে শীতকালীন সময় চালু, এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির কাঁটা ইউরোপে আবারও পরিবর্তন হচ্ছে সময়ের হিসাব। আগামী ২৫ অক্টোবর,রবিবার থেকে পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে শুরু হচ্ছে শীতকালীন সময়। এদিন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। ফলে বদলে যাবে দৈনন্দিন কাজকর্ম,যাতায়াত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সময়সূচি।

পর্তুগালের মূল ভূখণ্ড ও মাদেইরায় স্থানীয় সময় রবিবার রাত ২ টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। অর্থাৎ, রাত ২টা থেকে সময় হবে রাত ১টা। অন্যদিকে, আজোরেস দ্বীপপুঞ্জে ভোর ১টায় ঘড়ির কাঁটা পেছানো হবে রাত ১২টায়।

ইউরোপে দীর্ঘদিন ধরে গ্রীষ্মকালীন ও শীতকালীন সময় পরিবর্তনের এই নিয়ম চালু রয়েছে। গ্রীষ্মকালে দিনের আলো বেশি সময় কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে রাখা হয়। আর অক্টোবরের শেষ রবিবার সেই সময় পরিবর্তন করে ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা পেছানো হয়।

এই পরিবর্তনের ফলে মানুষ এক ঘণ্টা অতিরিক্ত সময় পাবেন। সকালে তুলনামূলক আগে সূর্যের আলো দেখা গেলেও সন্ধ্যায় আগের তুলনায় দ্রুত অন্ধকার নেমে আসবে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী,গণপরিবহনের যাত্রী এবং রাতের শিফটে কাজ করা কর্মীদের নতুন সময়সূচির সঙ্গে মানিয়ে নিতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও সময় পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে সময়ের ব্যবধানও এক ঘণ্টা বাড়বে। ২৫ অক্টোবরের আগে পর্তুগালের মূল ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ছিল পাঁচ ঘণ্টা। সময় পরিবর্তনের পর তা বেড়ে হবে ছয় ঘণ্টা। অর্থাৎ,বাংলাদেশে দুপুর ১২টা হলে পর্তুগালে তখন সকাল ৬টা।

তবে মোবাইল ফোন,কম্পিউটার ও ইন্টারনেট-সংযুক্ত অধিকাংশ ডিভাইসে সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ঘড়ি,অ্যালার্ম এবং ভ্রমণের টিকিটের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে বছরে দুবার সময় পরিবর্তনের নিয়ম বন্ধ করার বিষয়ে আলোচনা থাকলেও এখনো প্রচলিত ব্যবস্থাই কার্যকর রয়েছে। ২৫ অক্টোবর রবিবার থেকে তাই ইউরোপের সময়ের হিসাবে আসছে পরিবর্তন। সময়ের এই পরিবর্তনের সঙ্গে দৈনন্দিন জীবন ও কাজের রুটিনও নতুন করে মিলিয়ে নিতে হবে।

বিষয়:আজোরেস দ্বীপপুঞ্জ ইউরোপ ঘড়ির কাঁটা পর্তুগাল সময় পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…