বাসারের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নীহা, অবশেষে জুটি
রাজের ‘instaগ্রাম’-এ প্রথমবার জুটি বাসার-নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অভিনেত্রী নাজনীন নীহার। সেই চাওয়ার কথা সরাসরি জানিয়েছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। এবার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাসার ও নীহা।
রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘instaগ্রাম’-এ দেখা যাবে তাদের। বিগত পাঁচদিন ধরে গাজীপুরে নাটকটির শুটিং হয়েছে।
শুটিং সেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, এই কাজের জন্য নীহাকে যখন ফোন করেছিলাম, সব শুনে সে নিজ থেকেই বাসারের নাম বলেছে।
বলেছিল, “আমি বাসার ভাইয়ের সঙ্গে একটা কাজ করতে চাই।” আমিও মনে মনে পরিকল্পনা করে রেখেছিলাম, বাসারের সঙ্গেই কাজটি করব। ভেবেছিলাম, আগে গল্পটা বলব, তারপর বাসারের কথা তুলব। কিন্তু তার আগেই নীহা তার পছন্দের কথা জানিয়ে দেয়।’

‘instaগ্রাম’ দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা। সহশিল্পী হিসেবে নীহাকে পেয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন বাসার।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘নীহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। অবশেষে একসঙ্গে কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজের প্রতি সে খুব মনোযোগী ও সচেতন।’
বাসার বলেন, সে শুধু নিজের না, সহশিল্পীর খুঁটিনাটি বিষয়গুলোর দিকেও বেশ নজর রাখে। বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে।
নির্মাতা রাজ জানিয়েছেন, ‘instaগ্রাম’-এ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও একটি গ্রামের গল্প তুলে ধরা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও সহাবস্থানের নানা দিক উঠে আসবে। থাকবে একটি সচেতনামূলক বার্তা।
বাসার ও নীহা ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, এমএন ইউ রাজু, ইশরাত অতিথিসহ আরও অনেকে। শিগগিরি এটি সিনেমাওয়ালার ইউটিউবে মুক্তি পাবে।





