ফুটবল

ন্যু ক্যাম্প, মরিনহোর জন্য ‘বড় কোন বিষয় নয়’

ন্যু ক্যাম্প, মরিনহোর জন্য ‘বড় কোন বিষয় নয়’

রাতে ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকো। লা লিগার ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেয়ার পর প্রথম এল ক্ল্যাসিকো হোসে মরিনহোর। সেটা ন্যু ক্যাম্পে, যেখানে আগের দেখায় ভালো স্মৃতি ছিল না এ পর্তুগিজ কোচের। প্রথমবার দায়িত্ব নিয়ে কাতালান ক্লাবটির বিপক্ষে তাদের মাঠে বিধ্বস্ত হয়েছিলেন। সেই তিক্ত স্মৃতি মনে না রেখে জানালেন এই মাঠে খেলা বড় কোন বিষয় নয়।

রোববার রাতে ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। ২০১০ সালে এখানে এসে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল মাদ্রিদ। সেই ম্যাচ ছিল রিয়ালের দায়িত্বে বার্সার বিপক্ষে মরিনহোর প্রথম দেখা। কাতালানদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এ পর্তুগিজ কোচ।

মরনহো বলেছেন, ‘এটি অন্য যেকোনো স্টেডিয়ামে যাওয়ার মতোই একটি বিষয়। স্বাভাবিকভাবেই, আমরা এমন একটি দলের কথা বলছি যাদের অনেক গুণমান রয়েছে। একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলা আর তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলার মধ্যে পার্থক্য তো থাকেই। তবে এটি (এই মাঠে) খুব বড় কোনো ব্যাপার নয়।’

ইতিমধ্যে সেই স্মৃতি টেনে বার্সেলোনার সাবেক অধিনায়ক জেরার্ড পিকে বলেছেন, ‘ন্যু ক্যাম্পে হতে চলা ম্যাচে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা ৪-১ গোলে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেবে। মরিনহো যখন প্রথমবার রিয়ালের কোচ হয়ে ন্যু ক্যাম্পে এসেছিলেন, ৫-০ গোলে হেরেছিলেন। এবার মনে হচ্ছে তারা ৪-১ গোলে হারবে।’

বিষয়:এল ক্ল্যাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…