আন্তর্জাতিক

কিউবার ওপর মার্কিন জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কিউবার ওপর মার্কিন জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কিউবার হাভানায় প্যালেস অফ দ্য রেভোলিউশনে দিয়াজ-কানেল (ডানে) ও টেড্রোসের (বাঁয়ে) সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত জ্বালানি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়েসুস। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে দেশটির একসময়ের প্রশংসিত স্বাস্থ্যব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিউবা সফরকালে মঙ্গলবার তেদরোস সতর্ক করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। সফরে তিনি রাজধানী হাভানার বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

তেদরোস বলেন, জ্বালানি সরবরাহে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরও কঠোর করায় কিউবার জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর এর প্রভাব পড়ছে বেশি।

তিন দিনের সফরে ডব্লিউএইচও মহাপরিচালক কিউবার জাতীয় টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেন।

জাতিসংঘ এর আগেও কিউবায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে একাধিকবার সতর্ক করেছে। সংস্থাটি মার্কিন অবরোধকে আন্তর্জাতিক আইন ও কিউবার নাগরিকদের মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

কিউবা সরকারের দাবি, মার্কিন বিধিনিষেধের কারণে দেশটিতে প্রতিদিন ২০ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। পাশাপাশি ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। শিশুমৃত্যুসহ বিভিন্ন স্বাস্থ্যসূচকেরও অবনতি ঘটেছে।

দেশটির স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা নিয়ে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠক করেন তেদরোস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জরুরি স্বাস্থ্যসেবা ও সময়সংবেদনশীল চিকিৎসা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তেদরোস জানান, ২০২০ সালে কিউবার মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৮ বছর। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪ বছরে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর গড় আয়ু কমার ঘটনা এটিই প্রথম বলে জানান তিনি।

তবে গড় আয়ু কমার এই পরিসংখ্যান চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্বালানি অবরোধ ও কিউবার একাধিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগের।

ওয়াশিংটনের দাবি, কিউবায় রাজনৈতিক পরিবর্তন আনার লক্ষ্যে জ্বালানি অবরোধ আরোপ করা হয়েছে। তবে খাদ্য ও ওষুধ রপ্তানির ক্ষেত্রে আইনি ছাড় রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে প্রতি বছর কিউবার ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি আইনগতভাবে বাধ্যতামূলক নয় এমন প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়ে আসছে।

বিষয়:অবরোধ জ্বালানি ডব্লিউএইচও প্রত্যাহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…