পাকিস্তানি যে সিরিজ ভারতে নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশটির ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা, সিরিজ ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট প্রদর্শন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ২৪ নভেম্বর পাঠানো দুই পৃষ্ঠার চিঠিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকেও। মঙ্গলবার সংগঠনটির নিজস্ব এক্স অ্যাকাউন্টে চিঠির অনুলিপি প্রকাশ করা হয়।
আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজটির। এতে ফাওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন হানিয়া আমির ও সানাম সাঈদ। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ।
চিঠিতে এআইসিডব্লিউএ ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরেছে। পাশাপাশি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে জারি করা একটি নির্দেশনার কথাও উল্লেখ করেছে সংগঠনটি। ওই নির্দেশনায় ভারতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি তাদের।
সংগঠনটির বক্তব্য, ভারতে সিরিজটি প্রচার করা হলে ওই নির্দেশনার উদ্দেশ্য ও জাতীয় আবেগের পরিপন্থী হবে। এক্সে দেওয়া পোস্টে এআইসিডব্লিউএ লিখেছে, ‘সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।’ একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়া ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে পাকিস্তানি কনটেন্ট না দেখানোর আহ্বান জানিয়েছে তারা।
চিঠিতে মূলত চারটি দাবি জানিয়েছে সংগঠনটি। প্রথমত, ৪ ডিসেম্বর কিংবা পরবর্তী কোনো তারিখেও ভারতে সিরিজটি প্রচার করা যাবে না। দ্বিতীয়ত, সব ওটিটি প্ল্যাটফর্মকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। তৃতীয়ত, টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন করতে হবে। চতুর্থত, ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য প্ল্যাটফর্মকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
এদিকে সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করে ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। তবে ভারতে সিরিজটি দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্ল্যাটফর্মটি। যদিও নেটফ্লিক্স ইন্ডিয়ার আসন্ন কনটেন্টের তালিকায় সিরিজটির নাম দেখা গেছে। বলিউড হাঙ্গামা




