আন্তর্জাতিক

চীনের মহাকাশ স্টেশনের পথে পাকিস্তানের প্রথম নভোচারী

চীনের মহাকাশ স্টেশনের পথে পাকিস্তানের প্রথম নভোচারী

ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করল পাকিস্তান। দেশটির প্রথম পেশাদার নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশযানে চড়ে তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেছেন। পাকিস্তানের মহাকাশ অভিযানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সময় বুধবার ভোর ৫টা ৪৮ মিনিটে গোবি মরুভূমিতে অবস্থিত চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

চীনের মহাকাশ স্টেশনের পথে পাকিস্তানের প্রথম নভোচারী

পাকিস্তান বিমানবাহিনীর নভোচারী মুহাম্মদ জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে নিরাপদে প্রবেশের পর উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।

এই অভিযানের মধ্য দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো নাগরিক মহাকাশ স্টেশনে অবস্থান ও গবেষণার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে সরকার-পরিচালিত মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্ত হলো পাকিস্তান।

২০২৩ সালে পাকিস্তানি উদ্যোক্তা ও অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের একটি পর্যটন ফ্লাইটে প্রথম পাকিস্তানি হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। তবে কয়েক মিনিটের সেই অভিযানের সঙ্গে এবারের মিশনের মৌলিক পার্থক্য রয়েছে।

জিশান আলী মহাকাশ পর্যটক হিসেবে নয়, একজন পেশাদার নভোচারী হিসেবে এই অভিযানে অংশ নিচ্ছেন। ভূপৃষ্ঠ থেকে কয়েকশ কিলোমিটার উচ্চতায় অবস্থিত তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন তিনি। সেখানে ক্ষুদ্র অভিকর্ষ পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন।

এই অভিযান চীনের জন্যও ঐতিহাসিক। প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারীর জন্য নিজেদের মহাকাশ স্টেশনের দুয়ার খুলে দিয়েছে বেইজিং।

চীনের গানসু প্রদেশের জিউকুয়ানের কাছে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে, চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ‘শেনঝৌ-২৪’ মহাকাশ…
চীনের গানসু প্রদেশের জিউকুয়ানের কাছে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে, চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ‘শেনঝৌ-২৪’ মহাকাশ অভিযানে অংশগ্রহণের আগে বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চীনা নভোচারী তাং হংবো ও উ ই এবং পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াংগং নির্মাণ করে চীন। সেখানে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযান, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তির পরীক্ষা পরিচালিত হচ্ছে।

পাকিস্তানি নভোচারীকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তিয়াংগংকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ও সহযোগিতার কেন্দ্রে পরিণত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।

পাকিস্তানের এই মহাকাশ অভিযানের পেছনে রয়েছে কয়েক বছরের প্রস্তুতি। দেশটির নভোচারী নির্বাচন কর্মসূচিতে প্রাথমিকভাবে প্রায় ২০০ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে নির্বাচিত করা হয়। দুজনই পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য।

২০২৫ সাল থেকে চীনে নিবিড় প্রশিক্ষণ নেন তারা। মহাকাশযান পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, বৈজ্ঞানিক গবেষণা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।

উৎক্ষেপণের মাত্র এক দিন আগে জিশান আলীর নাম চূড়ান্ত করা হয়।

গত এক দশকে স্যাটেলাইট প্রযুক্তি, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও দূর অনুধাবন প্রযুক্তিতে সহযোগিতা বাড়িয়েছে চীন ও পাকিস্তান। এবার মনুষ্যবাহী মহাকাশ অভিযানের মাধ্যমে সেই অংশীদারত্ব নতুন মাত্রা পেল।

দক্ষিণ এশিয়ায় প্রথম মহাকাশচারী পাঠানোর কৃতিত্ব ভারতের। ১৯৮৪ সালের এপ্রিলে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ অভিযানে অংশ নিয়ে মহাকাশে যান ভারতীয় নভোচারী রাকেশ শর্মা। তিনি সালিউত-৭ মহাকাশ স্টেশনে আট দিন অবস্থান করেন।

চার দশকেরও বেশি সময় পর পাকিস্তানের এই অর্জন আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন দেশগুলোর অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরছে।

চীন-পাকিস্তান সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে এই মহাকাশ অভিযান দুই দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করল। একই সঙ্গে পাকিস্তানের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:প্রথম নভোচারী মহাকাশ অভিযান মহাকাশ গবেষণা মুহাম্মদ জিশান আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…