ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে অতিথিদের হোয়াইটওয়াশের অপেক্ষায় কিউইরা। প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল স্বাগতিকবাহিনী।
ম্যাকলিন পার্কে টসে জিতে নিউজিল্যান্ড বোলিং নেয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে আসে ৩৪ ওভারে। ক্যারিবিয়ানরা নেমে অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। ব্ল্যাক ক্যাপসরা জবাবে ৩ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও ডেভিড কনওয়ে জুটিতে আনেন ১০৬ রান। ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলে রাচীন সাজঘরে ফেরেন। তিনে ও চারে উইল ইয়াং এবং মার্ক চ্যাপম্যান সুবিধা করতে পারেননি। কনওয়ে সর্বোচ্চ ৯০ রান করেন। ৮৪ বলে খেলা তার ইনিংস ১৩ চার ও এক ছক্কায় সাজানো।
ষষ্ঠ উইকেট জুটিতে টম ল্যাথাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার করেন অপরাজিত ৫৪ রান। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া ল্যাথাম ২৯ বলে ৩৯ রান করেন। স্যান্টনার করেন ১৫ বলে ৩৪ রান।
এর আগে ক্যারিবিয়ানরা শুরুতেই ব্যাটিং ধসে পড়েছিল। ৩৮ রানে হারায় দুই ওপেনারকে। চারে নেমে হাল ধরেন অধিনায়ক হোপ। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ৬৯ বলে খেলেন অপরাজিত ১০৯ রানের ইনিংস। সাজানো ছিল ১৩ চার ও ৪ ছক্কায়। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।








