ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মাত্র একদিন আগেই বলেছিলেন, ‘আমি কখনোই এমন প্রিমিয়ার লিগ আগে দেখিনি, যেখানে প্রতিটি খেলায় টেবিলের নিচের মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলো সবাইকে হারাতে পারে। সামনে অনেক চমক থাকবে।’ তার কথাগুলো যেন অক্ষরে অক্ষরেই মিলে যাচ্ছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-০ গোলের অপ্রত্যাশিত হারে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। আর তাতেই লিগের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বেড়েছে রোমাঞ্চ।
বৃহস্পতিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হারের ফলে আর্সেনাল ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকছে। গানারদের বিপক্ষে দারুণ জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ষষ্ঠ স্থানে উঠেছে ওয়েস্ট হ্যাম। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩।
লিভারপুল ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইল। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়েছে। ১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ম্যানসিটি। ব্রাইটনের সঙ্গে ৪-২ গোলে পরাজিত হওয়া টটেনহ্যাম হটস্পার ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। সাতে থাকা ইউনাইটেড ১৯ ম্যাচে পেয়েছে ৩১ পয়েন্ট।
ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে ওঠার সুযোগের সামনে থাকা মিকেল আর্তেতার দল ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে বসে। জারড বোয়েনের পাসে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন টমাস সোসেক। যদিও গোলটি নিয়ে রয়েছে বিতর্ক। বোয়েন পাস দেয়ার সময় বাইলাইন পার হয়ে যান বলেই টিভি রিপ্লে দেখে মনে হয়েছিল। ভিএআরের সাহায্য দিয়ে দীর্ঘ পর্যালোচনার পর রেফারি গোলের সংকেত দেন।
বিরতির পর ৫৫ মিনিটে জেমস ওয়ার্ড-প্রোসের কর্নার কিকে পাওয়া বলে হেডে বল জালে জড়ান কনস্টান্টিনোস মাভ্রোপানোস। আর তাতেই ২-০ গোলের পরাজয় নিয়ে আর্সেনালকে মাঠ ছাড়তে হয়।







