ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছেন বাংলাদেশি ফারহান আলী ওয়াহিদ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেন ১৯ বর্ষী এ ফরোয়ার্ড।
শনিবার মটস্পার্ক পার্কে অনুষ্ঠিত ম্যাচের বিরতির পর ৪৬ মিনিটে উইঙ্গার কেভিনের পরিবর্তে মাঠে নামানো হয় ফারহানকে। মূল দলের হয়ে অভিষেক ম্যাচেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন তিনি। মাঠে নেমেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন ফারহান। দূরপাল্লার একটি দারুণ বাঁকানো শট নেন তিনি, তবে নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ চমৎকার দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন।
যদিও ম্যাচে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ফুলহ্যামের, নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ফারহানের ৪৫ মিনিটের পারফরম্যান্স নজর কেড়েছে। নতুন মৌসুম শুরুর আগে ফুলহ্যামের আরও চারটি প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে ভালো করতে পারলে মূল দলে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ থাকবে এই তরুণের সামনে।
ফারহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল চেলসির একাডেমিতে। ১২ বছর বয়সে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। এরপর বয়সভিত্তিক বিভিন্ন দলে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেও গোল করেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ টুয়ের মাসসেরা ফুটবলারের স্বীকৃতিও পান ফারহান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাকে নিয়ে আশাবাদী। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ফারহান। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহেই তার বাংলাদেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ফারহান আলী ওয়াহিদের।







