ওয়েস্টহ্যামের কাছেও হারল ইউনাইটেড

West Ham United player celebrating a goal in a football match, with teammates and opponents in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ জয়টা এসেছিল চেলসির বিপক্ষে। ওল্ড ট্রার্ফোডে ব্লুজদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। এরপর ঘরের মাঠেই ব্রাউনমাউথের কাছে বড় পরাজয়। সবশেষ ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে গোল শূন্য ড্র। এবার ওয়েস্টহ্যামের বিপক্ষেও পেরে উঠলো না টেন হাগের শিষ্যরা। হেরেছে ২-০ গোলে।
লন্ডন স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেছেন জেরড বোয়েন ও মোহাম্মদ কুদুস। জয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে ওয়েস্টহ্যাম। ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩০। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে আটে নেমেছে ইউনাইটেড।
ওয়েস্টহ্যামের মাঠে অবশ্য বলের দখলটা বেশি সময় ছিল ইউনাইটেডের দখলে। প্রথমার্ধ গোল শুন্য সমতায় শেষ হলেও দাপট দেখায় টেন হাগের শিষ্যরা। বিরতির পর খেই হারিয়ে ফেলে সফরকারী দলটি।
৭২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জেরড বোয়েন। লুকাস পাকুয়েতার বাড়ানো বল দারুণভাবে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মোহম্মদ কুদুস। এবারও গোল বানিয়ে দেয়ার ভূমিকায় ছিলেন পাকুয়েতা। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দেয়া বল ইউনাইটেডের জালে পাঠান ঘানার মিডফিল্ডার। এরপর ২-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ।






