এজিএমের এক দিন পরই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিল ওয়ালটন

ছবি: সংগৃহীত
বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক দিন পরই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ বিতরণ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ হিসাব বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দ্রুততম সময়ে পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এ প্রতিষ্ঠান।
কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। সভার পরদিনই নগদ লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পাঠানো হয়।
মো. রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত গতিশীলতার পাশাপাশি কোম্পানির শক্তিশালী তারল্য অবস্থানের কারণে অল্প সময়ের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে।
অনুমোদিত লভ্যাংশ অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন তারা।
কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটনের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে তা ছিল ৩১ টাকা ১১ পয়সা।
পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির মোট নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এ মূল্য দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।
এদিকে, অনুমোদিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ কোম্পানির গ্রিন এনার্জি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক (বিএমআরই) কার্যক্রমে ব্যয় করা হবে। এ লভ্যাংশ সম্পূর্ণভাবে কোম্পানির সংরক্ষিত মুনাফা থেকে দেওয়া হবে।






