পুঁজিবাজারের জন্য দেশীয় প্রযুক্তি ‘ভেলেক্সা’ উন্মোচন করল বিডিটাস্ক

ছবি: সংগৃহীত
দেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের প্রযুক্তি সংকট দূর করতে ও ব্যাক-অফিস ব্যবস্থাপনা সহজ করতে মাল্টি-টেন্যান্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিডিটাস্ক লিমিটেড। ‘ভেলেক্সা ওএমএস’ (Velexa OMS) নামের এই প্ল্যাটফর্মটি শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জ ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর লেনদেন ও তথ্য ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিডিটাস্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, দেশে ও দেশের বাইরে যেকোনো পুঁজিবাজারে ব্যবহারের উপযোগী করে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
বিডিটাস্কের কর্মকর্তাদের মতে, বর্তমানে দেশের প্রায় তিন শতাধিক ব্রোকারেজ হাউসের জন্য সমন্বিত কোনো কেন্দ্রীয় অর্ডার ম্যানেজমেন্ট, ডিপোজিট বা লেনদেন ট্র্যাকিং সিস্টেম নেই। ছোট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সফটওয়্যার কেনা বা আইটি দল রাখা অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে অনেক বড় ব্রোকারেজ হাউস বিদেশি সফটওয়্যার ব্যবহার করছে, যা শুধু অর্থ ও ব্যায় সাপেক্ষই নয়, বরং দেশের আর্থিক তথ্যের সুরক্ষায় ঝুঁকিও তৈরি করে।
বিডিটাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামস মোহাম্মদ তারেক বলেন, ‘পাঁচ বছরের টানা গবেষণা ও প্রণোদনার পর আমরা এমন একটি প্রযুক্তি এনেছি, যা দেশের ডাটা সেন্টারে থেকেই প্রতিটি ব্রোকারেজ হাউসকে স্বাধীন ও সুরক্ষিত সেবা দেবে। কোনো বড় অগ্রিম খরচ ছাড়াই ব্রোকাররা সাবস্ক্রিপশন মডেলে কেবল প্রতিটি লেনদেনের নির্দিষ্ট সামান্য ফি দিয়ে সেবাটি নিতে পারবেন।’
বিডিটাস্ক জানায়, ভেলেক্সা ওএমএস একটি একক সিস্টেমেই অসংখ্য ব্রোকারকে সেবা দিতে সক্ষম। একই সাথে প্রতিটি প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য ও অর্ডার থাকবে সম্পূর্ণ আলাদা। প্রতি সেকেন্ডে প্রায় ১৩,০০০ অর্ডার প্রসেস করার ক্ষমতাসম্পন্ন এই সিস্টেমে বিশ্বজুড়ে ব্যবহৃত এফআইএক্স (FIX) প্রোটোকল ও আইটিসিএইচ (ITCH) মার্কেট ডাটা সাপোর্ট রয়েছে। এতে ওয়েবের পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন, রিয়েল-টাইম রিক্স ম্যানেজমেন্ট এবং ক্লায়েন্ট অনবোর্ডিং সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক তানজিল আহমেদ জানান, বিশ্বমানের এই প্রযুক্তি আন্তর্জাতিক বাজারের চাহিদাও পূরণ করতে সক্ষম।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশের বাজার নয়। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং বিডিটাস্কের রিয়াদ অফিস থেকে বৈশ্বিক বিপণন পরিচালিত হচ্ছে।’
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিস (BASIS) ও বাক্কো (BACCO)-এর সদস্য বিডিটাস্ক লিমিটেড গত ১২ বছর ধরে দেশ-বিদেশে ফিনটেক, রিটেইল, হেলথকেয়ারসহ বিভিন্ন খাতে ৪০টিরও বেশি সফটওয়্যার সেবা দিয়ে আসছে। ঢাকা ও রিয়াদ কার্যালয়ে ৮০ জনেরও বেশি সুদক্ষ প্রকৌশলী ও কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।






