সরকারের দুই সিদ্ধান্তে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৭ শতাংশ

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের দরপতন ও লেনদেনের মন্দা কাটিয়ে দেশের পুঁজিবাজারে কিছুটা গতি ফিরতে শুরু করেছে। বন্ধ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালু এবং পুঁজিবাজারে বিনিয়োগে ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সরকারি দুই সিদ্ধান্তের পর লেনদেনে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।
বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন ৪৫০ কোটি ৭ লাখ ৭৭ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিনের দরপতন ও লেনদেনের নিম্নগতিতে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সরকারের সাম্প্রতিক দুই সিদ্ধান্তে তা কাটানোর নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে বন্ধ বিও হিসাব পুনরায় চালুর উদ্যোগের খবর প্রকাশের পর বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বন্ধ বিও হিসাব চালুর প্রত্যাশা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবে ভূমিকা রেখেছে। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী হিসাবগুলো পুনরায় চালু হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং লেনদেন বাড়বে।
তিনি বলেন, সম্প্রতি বাজারে দৈনিক লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকার ওপরে উঠেছে। লেনদেনের এ বৃদ্ধি পুঁজিবাজারের জন্য ইতিবাচক সংকেত। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর লেনদেন বাড়াকে সরকারের উদ্যোগগুলোর পরোক্ষ ইতিবাচক ফল হিসেবে বিবেচনা করা যেতে পারে।
ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ধারাবাহিক দরপতন ও লেনদেনের নিম্নগতির মধ্যে সরকারের এ দুটি সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। এর ফলে বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়ছে।
তিনি বলেন, বন্ধ বিও হিসাবগুলোর সব কটি পুনরায় চালু করা হলে পুঁজিবাজারে লেনদেন আরও বাড়বে। পাশাপাশি ব্যাংকের বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে শেয়ার বিক্রির চাপ কমেছে। এটি সূচকের উত্থানে ভূমিকা রেখেছে।
বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আগে ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এসব হিসাব পুনরায় চালুর উদ্যোগ হিসেবে গত ২০ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা নিয়ন্ত্রক সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে বিএসইসি হিসাবগুলো সচল করার সিদ্ধান্ত নেয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থগিত হিসাবগুলোর একটি বড় অংশ বড় বিনিয়োগকারীদের। এসব হিসাব সচল হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা আবারও শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। এতে বাজারে বিনিয়োগ ও তারল্য বাড়ার সুযোগ তৈরি হবে।
অন্যদিকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর বিশেষ তহবিল ব্যবহারের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলো এসব তহবিল ব্যবহার করে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও সময় পাচ্ছে। ব্যাংকগুলো পুঁজিবাজারের অন্যতম বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হওয়ায় এ সিদ্ধান্ত বাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আজম খান বলেন, দীর্ঘদিনের আস্থার সংকট, লেনদেনের নিম্নগতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সীমাবদ্ধতা পুঁজিবাজারের বিকাশে বাধা সৃষ্টি করেছে। বন্ধ বিও হিসাব চালু এবং ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তবে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তার মতে, ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, কারসাজি প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো ও দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।





