অ্যান্ডি রডিকের হাত ধরে ২০০৩ সালে সবশেষ ইউএস ওপেনে শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্র। ছেলেদের এককে গত ২১ বছরে দেশটি শেষ গ্র্যান্ড স্লাম শিরোপাও ছিল সেটি। তাদের সামনে হাতছানি এবার সেই খরা ঘোচনোর। ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন টেইলর ফ্রিটজ। স্বাগতিকদের ২১ বছরের খরা ঘোচানোর পথে অবশ্য বাধা প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠা ইয়ানিক সিনার।
সেমিফাইনালে স্বদেশি ফ্রান্সেস টিয়াফোকে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রিটজ। তাতে ১৫ বছর পর যুক্তরাষ্ট্রের অ্যাথলেট হিসেবে গ্র্যান্ড স্লামে ছেলেদের এককের ফাইনালে উঠেছেন তিনি। সবশেষ ২০০৯ সালে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন অ্যান্ডি রডিক। তবে হেরে যান রজার ফেদেরারের কাছে।
আধিপত্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সিনার। সেমিতে ব্রিটেনের জ্যাক ড্রাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়ে প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন এ বছর অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সিনার।
আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় ছেলেদের এককের ফাইনালে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রিটজের মুখোমুখি হবে সিনার।







