যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক-এর অধীন ১৮তম থিয়েটার মেডিক্যাল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সাথে চিকিৎসা খাতে অংশীদারীত্ব সুসংহত করার লক্ষ্যে তিনি এই সফরে আসেন।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র মিশন জানায়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে।
মিশনের বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকায় বৈঠক এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে।
বিবৃতিতে মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারকে তুলে ধরে বলেও জানানো হয়।








