যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে ১ হাজার ৬৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, হামে আক্রান্ত হয়ে সেন্টার কাউন্টির এক টিকাবিহীন বাসিন্দার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির শরীরে হাম শনাক্ত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়ায় হাম পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ৪৬টি কাউন্টিতে ১ হাজার ৬৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৩০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
এদিকে গত শুক্রবার ভার্জিনিয়ায় তিন দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র অত্যন্ত সংক্রামক এই ভাইরাস নির্মূলের স্বীকৃতি হারায়। এ ছাড়া উইসকনসিনে দুজন এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক শিশুর হামে মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ২০২৬ সালে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ছয়জন বলে জানিয়েছে। সংস্থাটি কোন কোন অঙ্গরাজ্যে এসব মৃত্যু হয়েছে, তা উল্লেখ করেনি।
রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের মৃত্যুর হিসাবের এই পার্থক্য তৈরি হয়েছে চলতি বছরের শুরুতে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীন সিডিসি রাজ্যগুলোর দেওয়া তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার শুরু করার পর এ পরিস্থিতি দেখা দেয়।
পেনসিলভানিয়ায় নতুন করে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালে হাম মোকাবিলার কার্যক্রমে সহায়তার জন্য সিডিসি অঙ্গরাজ্যটিকে প্রায় ৪০ লাখ ডলারের এককালীন জরুরি তহবিল দিয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলতি বছরে মোট ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটিই দেশটিতে এক বছরে সর্বোচ্চ হাম শনাক্তের সংখ্যা।
আক্রান্তদের মধ্যে ১৮ শতাংশের বয়স পাঁচ বছরের কম। আর ৫ থেকে ১৯ বছর বয়সীদের হার ৪১ শতাংশ।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল।





