পাকিস্তানের চারটি প্রদেশ পুনর্গঠনের প্রস্তাব, করাচিতে বিক্ষোভ
করাচিতে হাজারো মানুষের বিক্ষোভ

ছবি: সংগৃহীত
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের বিরুদ্ধে করাচিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এই পরিকল্পনার সংশ্লিষ্টতা রয়েছে বলে আলোচনা চলছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমানায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, করাচিতে জেয় সিন্ধু রাহবার কমিটির উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল সিন্ধুর ঐতিহ্যবাহী আজরাক চাদর ও টুপি।
সমাবেশে বক্তারা সিন্ধু প্রদেশের বর্তমান সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন। তারা বলেন, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রদেশের সীমানা কিংবা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সিন্ধুর ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে প্রদেশটির পরিচয় গভীরভাবে জড়িত উল্লেখ করে বক্তারা বলেন, একে কেবল প্রশাসনিক সুবিধা-অসুবিধার বিষয় হিসেবে বিবেচনা করা যায় না। নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনে গণভোট আয়োজনের ধারণারও বিরোধিতা করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে কিংবা প্রদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে পারে, এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়। জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে সাংবিধানিক, আইনি ও গণতান্ত্রিক উপায়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রস্তাবিত পরিকল্পনায় পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে এক ডজন বা তার বেশি প্রশাসনিক অঞ্চল গঠনের কথা বলা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে এ পরিকল্পনার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর চেয়ে কার্যত বেশি ক্ষমতাধর হিসেবে বিবেচিত হন তিনি। তবে এখন পর্যন্ত তার অনুমোদনসহ কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
সরকারি প্রশাসনে দক্ষতা বাড়ানো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে পরিকল্পনাটি সামনে আনা হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের ফেডারেল কাঠামোয় মৌলিক পরিবর্তন আসতে পারে।
গত ৮ অক্টোবর প্রকাশিত এক সম্পাদকীয়তে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট পরিকল্পনাটিকে রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সেনাপ্রধানের ক্ষমতা আরও সংহত করার উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে।
এর আগে গত ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করা হলে মানুষ অস্ত্র হাতে তুলে নেবে।
করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জোর করে প্রদেশ ভাগ করা হলে সমাজও বিভক্ত হয়ে পড়বে। এতে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হবে এবং সাধারণ মানুষ অস্ত্র হাতে নিতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে রক্তপাত শুধু একজনের মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
বিলাওয়াল বলেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে তার দল। তবে জোরজবরদস্তি করে কোনো বিভাজন চাপিয়ে দেওয়ার বিরোধী পিপিপি।
তিনি আরও বলেন, নতুন প্রদেশ গঠনের বিষয়ে সংবিধানে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এ ক্ষেত্রে গণভোটের প্রস্তাব দেওয়া অসাংবিধানিক পদ্ধতি খোঁজার শামিল। পাকিস্তানে অতীতেও অগণতান্ত্রিক উদ্দেশ্যে গণভোট আয়োজনের নজির রয়েছে বলে মন্তব্য করেন তিনি।






