দুই বৃহৎ গণতান্ত্রিক শক্তি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর শুক্রবার মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর করবে।

চুক্তি স্বাক্ষরের আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন পিট হেগসেথ। বৈঠকে দুই দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, প্রযুক্তি স্থানান্তর, সাইবার প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়া নিয়ে বিস্তারিত আলোচনা করে।
যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে চীনকে কেন্দ্র করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশ তাদের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
নতুন এই ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি পূর্ববর্তী সহযোগিতাগুলোর পরিসর আরও প্রসারিত করবে বলে ধারণা করা হচ্ছে। এতে যৌথ অস্ত্র উৎপাদন, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে নতুন অধ্যায় যুক্ত হবে।







