কক্সবাজার

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে পুলিশের মামলা

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ মামলায় রিসোর্টটির মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে ম্যানেজার সুমনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

উখিয়া থানা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে রিসোর্টটির মালিক ও বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তকরণ নিয়ে বিভ্রান্তি দূর করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

কক্সবাজারে ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারে কর্মরত সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে স্থানীয়ভাবে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মরদেহগুলোর পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক তানভীরের খোঁজ পাওয়া যায়নি।

বিষয়:টুপটুপ রিসোর্ট পুলিশের মামলা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…