আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালকে সাক্ষাৎকার দেওয়ার সময়ই চাকরি হারান ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক: বরখাস্ত হওয়ার পরও করলেন ট্রাম্পের প্রশংসা

ওয়াল স্ট্রিট জার্নালকে সাক্ষাৎকার দেওয়ার সময়ই চাকরি হারান ট্রাম্পের প্রেস সেক্রেটারি

ছবি: সংগৃহীত।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’কে সাক্ষাৎকার দিচ্ছিলেন কেটি জাকারিয়া। ঠিক তখনই আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা— হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্বে থাকা নিয়ে আবার ভাবতে হবে তাকে। এর কয়েক মিনিটের মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত হলেন কেটি। প্রথম সংবাদ সম্মেলনেই বিতর্ক ও আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে বরখাস্ত হওয়ার পরও কেটি জাকারিয়া  ট্রাম্পকে একজন দয়ালু, উদার, চিন্তাশীল ও পরিশ্রমী মানুষ হিসেবে প্রশংসা করেন।

‘শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের কার্যালয়ে বসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন কেটি। এ সময় ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার তার কক্ষে এসে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সঙ্গে কথা বলতে চান।

এর কয়েক মিনিট পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কেটিকে তিনি পদে থাকার বিষয়ে পুনর্বিবেচনা করতে বলেছেন।

ট্রাম্প বলেন, “আমি কেটিকে বলেছিলাম, এই কাজটা কি সত্যিই তোমার জন্য? সত্যি বলতে, তোমার এই কাজের প্রয়োজন নেই। আমি তোমার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।”

এরপর কেটি আর সাক্ষাৎকারে ফিরে আসেননি বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম সংবাদ সম্মেলন করেন কেটি। তবে তার উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়। সংবাদ সম্মেলনে তিনি মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন ও লিখিত বক্তব্য পড়ে শোনান। পুরো সংবাদ সম্মেলন স্থায়ী হয় প্রায় ১৪ মিনিট।

ট্রাম্প তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিলেও, তার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়। কেটি পরে স্বীকার করেন, তিনি যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হননি।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, তিনি কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জবাবে কেটি চীনে থাকার সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা বলেন। তবে পরে গণমাধ্যমের প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন, তিনি ওই পরীক্ষায়ও পাস করেননি।

কেটির দাবি, চীনে তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইনি কাজ করেছেন এবং এ জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অনুমোদন ছিল।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির অনুষ্ঠানেও কেটিকে তার আইন পেশার অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

হ্যানিটি কেটিকে প্রশ্ন করেন, কেন তিনি সরাসরি বলেননি যে তিনি কখনো আইন পেশায় কাজ করেননি। এ ছাড়া দায়িত্ব নেওয়ার আগে তাকে যথাযথভাবে প্রস্তুত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কেটি এর আগে রক্ষণশীল ধারার রেডিও অনুষ্ঠান ‘দ্য ক্লে ট্রাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’তে কাজ করেছেন।

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া বক্তব্যে কেটি বলেন, সীমিত সময় ও তথ্যের মধ্যেও সংবাদ সম্মেলন আয়োজনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও ট্রাম্পের প্রশংসা করেন তিনি। কেটি লেখেন, ট্রাম্প একজন দয়ালু, উদার, চিন্তাশীল ও পরিশ্রমী মানুষ। তার হয়ে কাজ করতে পারা সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি দায়িত্ব নেয়ার মাত্র ১০ দিনের মাথায় পদ ছাড়েন। কেটির বিদায় সেই সময়ের চেয়েও দ্রুত ঘটল।

তার চলে যাওয়ায় হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ যোগাযোগবিষয়ক পদটি আবারও শূন্য হলো। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে এমন সময়ে এই পরিবর্তন ঘটল, যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক চাপের মুখে রয়েছে।

এ পরিস্থিতিতে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কে হবেন, তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

বিষয়:কেটি জাকারিয়া ডোনাল্ড ট্রাম্প দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ফক্স নিউজ হোয়াইট হাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…