বাবার মতোই বিধ্বংসী ব্যাটিং করছেন শেবাগ-পুত্র

পুরো একটা দশক ভারতের ওপেনিং ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন বীরেন্দ্র শেবাগ। তার ব্যাটিংয়ের ধরণ, প্রতিপক্ষ বোলারদের উপর আধিপত্য, এখনও মনে রেখেছেন দর্শক। তার সেঞ্চুরি কিংবা ২০০ রানের রেকর্ড, ম্যাচজয়ী ইনিংস, হয়ে রয়েছে মাইলফলক। অবসরের ১৩ বছর পর মিলছে তার উত্তরসূরিও। আরিয়াবীর শেবাগ, তার পুত্রের ব্যাট করার ধরন ঠিক যেন বাবার মতোই।
শুক্রবার বিজয়নগরের পি.ভি.জি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফিতে দিল্লির হয়ে অসাধারণ ইনিংস খেলেছেন জুনিয়র শেবাগ। চন্ডিগড় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেবাগ ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।
দিল্লী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আরিয়াবীর চোখ ধাঁধানো ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা হাঁকান। তার দল প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে। ১২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে ইদানীং দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি তিনি রাজকোটে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে খেলা ভারত ‘এ’ দলের ক্যাম্পে অংশ নিয়েছিলেন। তিন ইনিংসে শেবাগ-পুত্র ১০৪এর কাছাকাছি স্ট্রাইক রেটে ১০৯ রান সংগ্রহ করেছেন।





