ফুটবল

ভারতের সাফে না আসার খবরটি ভুয়া, জানাল আয়োজকরা

ভারতের সাফে না আসার খবরটি ভুয়া, জানাল আয়োজকরা

সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে না ভারত, এ ভুয়া তথ্য আসার পর এক বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ)। সম্প্রতি এক গণমাধ্যমের প্রকাশিত খবরে ছড়িয়ে পরে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তাদের না খেলার বিষয়টি। শনিবার আয়োজক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

টুর্নামেন্টে মাঠে গড়াতে বাকি ২০ দিনেরও কম, এর আগে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে সাউথ এশিয়া জুড়ে। ভারতের প্রত্যাহারের খবরটি মূলত অনলাইনে ছড়িয়ে পড়ে। সে সংবাদমাধ্যমের খবরের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে সাফ। সাউথ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা স্পষ্টভাবে পরিষ্কার করতে চায়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল।

সাফ জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে প্রত্যাহারের বিষয়ে কোন বার্তা সাফের কাছে আসেনি। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর প্রস্তুতি সম্পূর্ণ গতিতে এবং সঠিক পথে এগিয়ে চলছে। এই অঞ্চলের শীর্ষস্থানীয় এই ফুটবল প্রতিযোগিতা সফলভাবে আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

‘সাফ তার সদস্য সংস্থা, অংশীদার, সংবাদমাধ্যমের প্রতিনিধি, সমর্থক এবং সকল সংশ্লিষ্ট পক্ষকে আশ্বস্ত করতে চায় যে, পূর্বঘোষিত ৬টি দলের অংশগ্রহণে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আমরা চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত সঠিক তথ্যের জন্য সকলকে সাফের অফিসিয়াল যোগাযোগের ওপর নির্ভর করতে এবং অপ্রমাণিত খবরে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

৫ নভেম্বর শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। প্রথমদিনে নামবে আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। ৬ দলের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ গড়াবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

বিষয়:ঢাকা ভারত সাউথ এশিয়া সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…