ফুটবল

মেসির দুর্দান্ত জোড়া গোল, ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় মিয়ামির

মেসির দুর্দান্ত জোড়া গোল, ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় মিয়ামির

মেজর লিগ সকারে আগের ম্যাচ জিতে প্লে-অফসে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ছিল লিগে সপোর্টার্স শিল্ড শিরোপার লড়াই। রোববার সকালে তাতে লিওনেল মেসির জোড়া গোলে ৩-১তে জিতেছে ফ্লোরিডার ক্লাবটি।

আটলান্টার মাঠে মেসি ছাড়াও দলের অন্য গোলটি করেন জেরমান বেরতেরামে। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন ফাফা পিকাল্ট।

ম্যাচের ৪৫ মিনিটে লুইস সুয়ারেজের পাসে বেরতেরামের গোলে লিড নেয় মিয়ামি। ৫৬তম মিনিটে বেরতেরামে অ্যাসিস্ট করেন, জালে বল জড়ান মেসি।

চার মিনিট পর সুয়ারেজ এবং মেসি দুজনই জোড়া পূরণ করেন। ৬০ মিনিটে উরুগুয়ে ফরোয়ার্ডের দ্বিতীয় অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৩-০তে এগিয়ে যায় মিয়ামি। ৮৯ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা, ব্যবধান কমান পিকাল্ট।

লিগে ৩০ ম্যাচে ১৫ জয়, ১০ ড্র এবং ৫ হারে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মিয়ামি। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। ৫২ পয়েন্ট নিয়ে তিনে নিউ ইংল্যান্ড।

বিষয়:আটলান্টা ইউনাইটেড ইন্টার মিয়ামি মেজর লিগ সকার লিওনল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…