মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রায় ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কুয়েতের জন্য ৪৮ কোটি ৪০ লাখ ডলারের একটি পৃথক সামরিক সহায়তা প্যাকেজও অনুমোদন করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের কাছে প্রায় ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে। বিবৃতিতে বলা হয়, নেটোভুক্ত নয় এমন গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতিতে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির আওতায় ‘অ্যাডভান্সড প্রিসিশন উইপন সিস্টেম’-এর সর্বোচ্চ ২০ হাজার গাইডেন্স ইউনিট সরবরাহ করা হবে। এগুলো বিমান থেকে আকাশে এবং বিমান থেকে ভূ-পৃষ্ঠে পরিচালিত অভিযানে ব্যবহার করা যাবে। এছাড়া চুক্তিতে লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, কুয়েতের জন্য অনুমোদিত ৪৮৪ মিলিয়ন ডলারের প্যাকেজে সি-১৭ যুদ্ধবিমান-সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সেবা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা রয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রস্তাবিত দুই অস্ত্র বিক্রি চুক্তিই এখন কংগ্রেসের পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিগুলো চূড়ান্ত করে বাস্তবায়ন করা হবে।







