স্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় ভাতিজার হাতে চাচা খুন

একটি ছুরির ছায়া ও রক্তের দাগ দিয়ে তৈরি ভয়ঙ্কর ছবি, যা হত্যার দৃশ্যের ইঙ্গিত দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করায় ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা।
গতকাল শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৪০) দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বলেন, ছয় মাস আগে আনোয়ারের স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশের মাধ্যমে নাছিরকে ৬ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা বলতো।
পরে গতকাল শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ারকে ‘এক কামড়ে ৬ হাজার টাকা’ বলে টিটকারি দেয়। এ সময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এনামুল কামারের দোকান থেকে ছোরা নিয়ে আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল জব্বার জানান, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।






