অর্থনীতি

৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, চালু হলো নতুন ট্রেন

৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, চালু হলো নতুন ট্রেন

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে মাত্র ৬৮৫ টাকা ভাড়ায় সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন একটি ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে এ রুটে ট্রেনের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়ায় দাঁড়াল।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কক্সবাজারগামী নতুন ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, নতুন ট্রেনে সাধারণ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত এসি চেয়ারে ভ্রমণ করতে গুনতে হবে প্রায় ১ হাজার ৩১১ টাকা। ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।

ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইঞ্জিন ও কোচের স্বল্পতার কারণে এত দিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই ‘মহানগর প্রভাতী’ চালু করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এ রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প বাড়বে এবং রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে মানসম্মত রেল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহের কাজ চলছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কমিউটার ও আন্তঃনগর ট্রেন চলাচলে নতুন গতি আসবে এবং দেশের রেল যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়বে।

বিষয়:কক্সবাজার ট্রেন ঢাকা ভাড়া ৬৮৫ টাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…