রাজধানীর রায়েরবাগে বিএসটিআই এর অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপন্নকারী একটি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে বিএসটিআই। এসময় মালিকদের একজনকে ছয় মাসের জেল ও প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে: এনএসআই দীর্ঘদিন থেকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর রায়েরবাগে বিএসটিআই এর অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপন্নকারী একটি কারখানা নজরদারি করে আসছিল। আজ দুপুরে কারখানাটিতে সিটি এনএসআই এর নেতৃত্বে র্যাব-৩ ও বিএসটিআই এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদনবিহীন ১৮টি পণ্যের বিপুল পরিমাণ অনুমোদন বিহীন কাঁচামালসহ তৈরি সামগ্রী মজুদ জব্দ কর হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। এসময় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটি থেকে পাঁচ লক্ষ টাকা জরিমান আদায়ের পাশাপাশি মালিকদের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৭০ থেকে ৮০ লাখ টাকার মতো বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।







