বিচারকদের নিরাপত্তাসহ দুই দাবি পূরণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এসময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে তারা কলম বিরতি করবেন বলে জানানো হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।
দাবিগুলো হলো- সকল আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মূলত রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) নৃশংসভাবে হত্যার ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করেছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন।







