আন্তর্জাতিক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

ছবি ; সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের স্মরণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ শোক পালন করা হবে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘পুরো স্পেন শোকাচ্ছন্ন।’ তিনি আরও বলেন, ‘অনেক জীবন ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এই যন্ত্রণা অপরিসীম।’

ছবি : সংগৃহীত

উদ্ধারকর্মীরা সারা রাত শক্তিশালী আলোর ব্যবস্থা করে ট্রেনের ধাতব বগি কেটে হতাহতদের সন্ধানে কাজ করেছেন। নিহত ব্যক্তিদের অনেকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকাজে সহায়তার জন্য দুর্ঘটনাস্থলে শত শত কর্মী মোতায়েন করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানো ও হতাহতদের খুঁজে বের করতে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, মাদ্রিদ থেকে সেভিলগামী একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, বেসরকারি রেল অপারেটর ‘ইরিয়ো’র ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। কম্পিউটার বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি লাইনে দাঁড়িয়ে পড়েছিল।

পরিবহনমন্ত্রী বলেন, কোনো ব্যবস্থা বিকল হলে মাদ্রিদে অবস্থিত ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকেন্দ্র পরিস্থিতির দায়িত্ব নেয়। কিন্তু নিয়ন্ত্রণকেন্দ্র থেকে কোনো গতিসীমা নির্ধারণ না করেই ট্রেনগুলোকে আবার চলাচলের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি এ সিদ্ধান্তকে ‘অবোধগম্য’ বলে উল্লেখ করেন।

মাদ্রিদের ট্রেন নিয়ন্ত্রক ও চালকদের কথোপকথনের অডিও রেকর্ড থেকে জানা গেছে, সামনে একটি ট্রেন অচল হয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আরেকটি দ্রুতগামী ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

‘ইরিয়ো’ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় স্পেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি ‘রেনফে’র একটি ট্রেন। ওই ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি রেললাইনের পাশের ঢালু জায়গা দিয়ে নিচে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর যাত্রীদের কান্না, রক্তক্ষরণ ও ধোঁয়ায় পুরো এলাকা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক যাত্রী আসনের মধ্যে আটকা পড়েন। একটি বগিতে আগুনও ধরে যায়।

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, চলতি বছর স্পেনে দুটি বড় রেল দুর্ঘটনা ঘটার ঘটনা ‘অগ্রহণযোগ্য’। এর আগে জানুয়ারিতে কর্ডোবার কাছে একটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনাটিও বুধবারের দুর্ঘটনার একই রেলপথে ঘটেছিল, তবে আরও দক্ষিণে।

তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ভবনসহ নির্ধারিত স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়:‘ইরিয়ো’ কর্তৃপক্ষ পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাষ্ট্রীয় শোক স্পেনে ট্রেন দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…