অর্থনীতি

আহসান মনসুরকে স্বৈরাচার বলা ৩ কর্মকর্তার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী ও স্থিতিশীল অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার বাইরে তিন কর্মকর্তার বদলির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মানবসম্পদ বিভাগ (এইচআরডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, মঙ্গলবার নেওয়া বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগের কর্মস্থলেই বহাল থাকবেন।

এর আগে, সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যাদের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

বিভিন্ন দাবি আদায় এবং বদলি ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের তিন থেকে চারশ কর্মকর্তা প্রতিবাদ সভা করেন। দাবি না মানা হলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এরপর দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান মো. মোস্তাকুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের সর্বদলীয় কমিটির ব্যানারে তিন কর্মকর্তার নেতৃত্বে একটি আকস্মিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তারা বর্তমান গভর্নরের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

বিশেষ করে দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ওই সংবাদ সম্মেলনেই তারা ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে অভিহিত করেন।

বিষয়:অফিসার্স কাউন্সিল এক্সিম ব্যাংক কর্মকর্তা বদলি কলম বিরতি গভর্নর পরিবর্তন ড. আহসান এইচ মনসুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…