রুশ হেফাজতে ইউক্রেনীয় সাংবাদিকের মৃত্যু
অঙ্গ-প্রত্যঙ্গ অপসারণের অভিযোগ

একজন নারী সাংবাদিক ল্যাপটপের সামনে বসে কাজ করছেন, এটি রুশ হেফাজতে ইউক্রেনীয় সাংবাদিকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ায় বন্দি থাকা ইউক্রেনীয় সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনার মৃত্যু এবং তার দেহে অঙ্গ-প্রত্যঙ্গ অপসারণের ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় মিডিয়া সংস্থা ও তদন্তকারীদের বরাতে উঠে এসেছে, রোশচিনা রাশিয়া-অধিকৃত জাপোরিঝিয়া অঞ্চলে সাংবাদিকতা করতে গিয়ে আটক হন এবং নৃশংস নির্যাতনের শিকার হন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের যুদ্ধাপরাধ ইউনিটের প্রধান ইউরি বেলোসভ জানিয়েছেন, ২৭ বছর বয়সী রোশচিনার মৃতদেহে পাওয়া গেছে ঘর্ষণের চিহ্ন, রক্তক্ষরণ, ভাঙা পাঁজর, ঘাড়ে আঘাত এবং পায়ে বৈদ্যুতিক শকের আলামত। তার ভাষ্য অনুযায়ী, এই চিহ্নগুলো পরিকল্পিত নির্যাতনের প্রমাণ বহন করে।
বেলোসভ আরও জানান, মৃতদেহ ইউক্রেনে ফেরত আসার পর ফরেনসিক প্রতিবেদনে দেখা যায়, রোশচিনার মস্তিষ্ক, চোখের পাতা ও শ্বাসনালী অনুপস্থিত। এই অনুপস্থিত অঙ্গগুলো যুদ্ধাপরাধের আলামত ধ্বংস করার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
রোশচিনার সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন একমাত্র সাংবাদিক যিনি নিয়মিতভাবে রাশিয়া-অধিকৃত এলাকা থেকে রিপোর্ট করতেন। ইউক্রেনস্কা প্রাভদার সম্পাদক সেভগিল মুসাইয়েভা বলেন, ভিক্টোরিয়ার কাছে এটি কেবল একটি পেশা ছিল না, বরং একটি মিশন।
ঘটনার পর সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপেজে) রোশচিনার মৃত্যুর নিন্দা জানিয়ে রাশিয়াকে দায়ী করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টাইখি বলেন, রাশিয়ার হেফাজতে আটক হাজারও বেসামরিক নাগরিকের অবস্থা নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়ানো দরকার। এই ধরনের বর্বরতা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া দাবি করে।
এদিকে ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।



