আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহসংক্রান্ত চুক্তির সমালোচনা এবং রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ জেলেনস্কির সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান। রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কির উচিত এমন একজন নেতার পথ তৈরি করা, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এ কারণে দেশটিতে নির্বাচন স্থগিত আছে।

রাশিয়ার ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য ওয়াশিংটন ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে শুক্রবার জানান ট্রাম্প। চুক্তির আওতায় রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা বলা হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ৩ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে সরবরাহ করা হবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, পরবর্তী সময়ে আরও কয়েক ধাপে মোট ৪০ লাখ টন ডিজেল সরবরাহ করা হতে পারে। তবে শেষ পর্যায়ের সরবরাহ রাশিয়ার শোধনাগারগুলোর সক্ষমতার ওপর নির্ভর করবে।

এই চুক্তির সমালোচনা করে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা শিথিল করা হলে রাশিয়া নতুন করে অর্থ সংগ্রহের সুযোগ পাবে। সেই অর্থ দিয়ে দেশটি সামরিক সরঞ্জাম কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া এই চুক্তিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে প্রাণঘাতী হামলার পর তিনি শহরগুলোতে বোমা হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্বের মোট তেলজাত পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এদিকে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একে অপরের জ্বালানি অবকাঠামো ও পরিবহনব্যবস্থায় হামলা জোরদার করেছে। ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত ১০ মাসে রাশিয়ায় দুই দফায় তীব্র জ্বালানি সংকট দেখা দেয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হিসাব অনুযায়ী, দেশটিতে ডিজেল উৎপাদন আনুমানিক ৩০ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোও ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য। ইরান যুদ্ধের কারণে পেট্রল ও বিশেষ করে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোক্তারা আর্থিক চাপে পড়েছেন। এর প্রভাব পড়েছে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের ওপরও।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। গত মাসে এই দাম ছিল ৫ দশমিক ৯৪ ডলার এবং গত বছর ছিল ৩ দশমিক ৬৮ ডলার।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের মতে, নিষেধাজ্ঞা স্থগিত করার ফলে রাশিয়া যুদ্ধ চালানোর জন্য আরও বেশি অর্থ পাবে। তিনি বলেন, রাশিয়ার ওপর চাপ কমানোর সময় এখন নয়।

কালাস আরও জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার একটি বড় প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলে তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। দুই নেতা রাশিয়ার প্রতি অবিলম্বে জ্বালানি খাতে যুদ্ধবিরতি কার্যকর করা এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে হামলা বন্ধের আহ্বান জানান। তাঁদের মতে, এতে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্য সরবরাহ বাড়তে পারে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের বক্তব্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রকৃত অর্থে শান্তি প্রতিষ্ঠায় মনোযোগ দেবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে ট্রাম্প ইউক্রেনে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশটির জনগণের জেলেনস্কিকে পরিবর্তন করার সুযোগ থাকা উচিত। তবে চলমান যুদ্ধ ও সামরিক আইনের কারণে ইউক্রেনে এখনো নির্বাচন স্থগিত রয়েছে।

বিষয়:ইউক্রেন ডিজেল চুক্তি ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…