রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিমানের একাধিক ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ১১ অক্টোবর নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি৩৩৯ স্থগিত করা হয়েছে।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট চলাচলের সংশোধিত সময়সূচি নিশ্চিত হওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে।
এর আগে পরিচালনাগত অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
আকস্মিক এ সিদ্ধান্তের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে স্থগিত ফ্লাইটগুলোতে বুকিং থাকা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটগুলোর নতুন সময়সূচি ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে রিয়াদগামী বিভিন্ন ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনাতেও।





