মাদক ব্যবসায়ীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ

ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভারতে প্রবেশ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তারা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। তাদের দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিজিবির যোগাযোগ চলছিল।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় আমাদের দুই সদস্য ভারতীয় অংশে চলে যান। পরে ভারতের নাগরিকেরা তাঁদের আটকে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাদের নিরাপদে ফেরত আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে দায়িত্ব পালন করছিলেন ব্রাহ্মণপাড়া থানার কয়েকজন পুলিশ সদস্য। রাত সাড়ে ১০টার দিকে তারা শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক কারবারের তথ্য পান। এরপর সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান ওই ব্যক্তিকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন।
পরে সীমান্তের ওপারে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক রোহিত আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে টহল দলের দায়িত্বে থাকা এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। একপর্যায়ে বিএসএফের সদস্যরা রোহিত ও ইমরানকে নিজেদের হেফাজতে নেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছেন। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করতে পারে।






