কুমিল্লা

দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল (কং/২১৬৬) রোহিত দেওয়ান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হয়েছিলেন দুই পুলিশ সদস্য।

বিষয়:পুলিশ সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মাদকবিরোধী অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…