মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ১৩ নভেম্বর রাতে মাওয়ায় ইলিশ খেতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন, ঢাকার মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা রাফি (২০) ও তার বান্ধবী জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। রাফি মঞ্জুর আলম বাবুর ছেলে এবং জ্যোতি জাহাঙ্গীর আলমের মেয়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাফি ও জ্যোতি একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) মিরপুর পশ্চিম শেওড়াপাড়া থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি বড় গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গাড়িটির নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা জানান, ভোর রাত সাড় ৩টার দিকে তারা এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে য়ায়। পরে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।






