আন্তর্জাতিক

টেক্সাসের সমাবেশে ট্রাম্পের বক্তব্যে বাধা, বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ

টেক্সাসের সমাবেশে ট্রাম্পের বক্তব্যে বাধা, বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে সান আন্তোনিওতে আয়োজিত এক সমাবেশে অন্তত ১০ জন বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন ট্রাম্প।

সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সমাবেশে ট্রাম্পের বক্তব্য চলাকালে একাধিকবার বিক্ষোভকারীরা স্লোগান ও চিৎকার করে বাধা দেন। তাদের মধ্যে একজনকে মঞ্চের কাছাকাছি অবস্থান করতে দেখা যায়। সব মিলিয়ে অন্তত এক ডজন বিক্ষোভকারী ট্রাম্পের বক্তব্যে বিঘ্ন ঘটান।

বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার সময় সমর্থকেরা তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেন। এ সময় ট্রাম্প বিক্ষোভকারীদের নিয়ে উপহাস করেন। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, তাদের টাকা দিয়ে সেখানে পাঠানো হয়েছে।

টেক্সাসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বড় ধরনের সাফল্য ঠেকাতে রিপাবলিকান ভোটারদের প্যাক্সটনের পক্ষে একত্রিত করার চেষ্টা করছেন ট্রাম্প। দেশটির সবচেয়ে জনবহুল রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যটিতে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে রিপাবলিকান শিবির।

সমাবেশে ট্রাম্প তার প্রশাসনের একটি নতুন অর্থ সহায়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, মেডিকেয়ার কর্মসূচির ২ কোটির বেশি সুবিধাভোগীকে পার্ট বি প্রিমিয়াম পরিশোধে সহায়তার জন্য এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এ কর্মসূচিতে সরকারের প্রায় ২০০ কোটি ডলার ব্যয় হবে। চলতি সপ্তাহেই এই অর্থ পাঠানোর কথা রয়েছে।

তবে সব মেডিকেয়ার সুবিধাভোগী এই অর্থ পাবেন না। মেডিকেয়ার সুবিধাভোগীদের এক-তৃতীয়াংশেরও কম এ অর্থের জন্য যোগ্য হবেন। প্রায় ৩ কোটি ৫০ লাখ মেডিকেয়ার অ্যাডভান্টেজ সুবিধাভোগী, প্রতিবন্ধী আরও কয়েক লাখ মানুষ এবং স্বল্প আয়ের কিছু মেডিকেয়ার সুবিধাভোগী এই অর্থ পাবেন না।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের দুই দলের মানুষের মধ্যেই উদ্বেগ রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস-নরক সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের নতুন এক জরিপে দেখা গেছে, বিপুলসংখ্যক মার্কিন নাগরিক মনে করেন, এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখা এবং কর্মীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

বিষয়:টেক্সাস ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…