পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নাটালি বেকারকে মনোনয়ন ট্রাম্পের

ছবি: সংগৃহীত
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক নাটালি এ বেকারকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিয়োগের জন্য নাম সিনেটে পাঠানো হয়েছে। এখন সিনেটের অনুমোদন পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে পারবেন।
জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, টেক্সাসের বাসিন্দা নাটালি বেকার যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার কূটনীতিক। তিনি মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার কর্মকর্তা। তাকে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বেকার বর্তমানে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম দায়িত্ব ছাড়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৪ সালের আগস্টে ইসলামাবাদে দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগ দেন তিনি।
ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলার মধ্যে বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলো। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন ডোনাল্ড ব্লোম। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব ছাড়েন।
ইসলামাবাদে যোগ দেওয়ার আগে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেকার। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের উত্তর আফ্রিকাবিষয়ক দপ্তরের পরিচালক ছিলেন।
এ ছাড়া লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত প্রধান, দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের ইরান রিজিওনাল প্রেজেন্স অফিসের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন বেকার। ওই সময়ে যুক্তরাষ্ট্র ও লিবিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছিল। ২০১১ সালে লিবিয়ার বিপ্লবের সময় নিরাপত্তার কারণে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হলে তাকেও দেশটি ছাড়তে হয়।
শিক্ষাজীবনে বেকার যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ডিস্টিংগুইশড গ্র্যাজুয়েট হিসেবে উত্তীর্ণ হন তিনি।
নাটালি বেকার আরবি, স্প্যানিশ, ফারসি ও রুশ ভাষায় কথা বলতে পারেন।






