ইউক্রেনসহ নানান ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডয়চে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প ও স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সেখানে বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে কথা হয়েছে। একটি ‘কঠিন ও ফলপ্রসূ’ রাস্তার কথা ভাবা হয়েছে।
স্টারমার আরও বলেছেন, ইউক্রেন যাতে এই রাস্তা গ্রহণ করতে পারে, তার জন্য সহযোগিতা করা হবে। খেয়াল রাখা হবে যাতে রাশিয়া বড় কোনো দাবি করে না বসে।
ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছেন তিনি। ভ্লাদিমির জেলেনস্কির প্রশংসা করে তিনি বলেন, আমরা ইউক্রেনকে প্রচুর অর্থ এবং প্রচুর অস্ত্র দিয়েছি। কিন্তু যেভাবে ইউক্রেন লড়াই করেছে, তা তারিফযোগ্য। আমরা ওকে সম্মান করি। আমি ওকে সম্মান করি।
তবে একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তিনি থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে যুদ্ধ বন্ধের প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। তার কথায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি দুজনের সঙ্গেই কথা হয়েছে। শান্তি চুক্তি হয় দ্রুত ঘোষিত হবে নইলে কখনও হবেই না।
স্টারমার অবশ্য বলেছেন, শান্তি চুক্তি অত্যন্ত জরুরি। যেভাবেই হোক তা বাস্তবায়িত করতে হবে। তবে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আগ্রাসনকারী যাতে অতিরিক্ত সুবিধা না পায়, সে দিকে খেয়াল রাখা হবে।







