আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি সই, ‘দুর্বল’ সিদ্ধান্ত বললেন জেলেনস্কি

পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি সই, ‘দুর্বল’ সিদ্ধান্ত বললেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

জ্বালানির দাম কমানোর চাপে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ অক্টোবর) ঘোষিত এ চুক্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহে সম্মত হয়েছেন বলে জানান ট্রাম্প। তবে এ উদ্যোগকে পুতিনের জন্য ‘উপহার’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘দুর্বল’ সিদ্ধান্ত বলে সমালোচনা করেছেন।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক চালানের পর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এ ছাড়া রাশিয়ার শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনার কথাও জানান তিনি।

চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে মার্কিন ব্যাংকে থাকা রাশিয়ার অন্যান্য সম্পদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরে মার্কিন অর্থ মন্ত্রণালয় রুশ ডিজেল বাজারজাত করার অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্সও জারি করে।

পুতিন জানান, শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে তাঁর আলোচনা হয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে প্রস্তুত বলেও জানান তিনি। তবে সরবরাহের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি রুশ প্রেসিডেন্ট।

এদিকে জেলেনস্কি বলেন, পুতিনকে এ ধরনের সুবিধা দেওয়া শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে না। তাঁর ভাষায়, এটি এমন একটি যুদ্ধে বিনিয়োগের শামিল, যা দীর্ঘায়িত নয়, বরং বন্ধ করা উচিত। তিনি আরও সতর্ক করেন, রাশিয়া ডিজেল সরবরাহের বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে আরও হামলা চালাতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনও প্রত্যাশা করেন তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞাও বহাল রাখা হবে।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা কমানোর চেষ্টা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬ দশমিক ২৮ ডলার, যা সেপ্টেম্বরের শেষ দিকে রেকর্ড ৬ দশমিক ৫৩ ডলারে উঠেছিল।

তবে বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, রাশিয়া ঘোষিত পরিমাণে ডিজেল সরবরাহ করতে পারবে কি না এবং এ উদ্যোগে মার্কিন ভোক্তাদের জ্বালানি ব্যয় কতটা কমবে।

বিষয়:ইউক্রেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ট্রাম্পের জ্বালানি চুক্তি ভলোদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…