বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলেও ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, প্রণালিটি এখন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি ও লেনদেন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।
পৃথক পোস্টে ট্রাম্প আরও বলেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ বিষয় ইতোমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। তিনি জানান, ১০ দিনের এই যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন ছিল যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যকার আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এর আগে ট্রাম্প এই ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।








