সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশে সিলমোহর দিয়েছেন ট্রাম্প।
সোমবার (৩০ জুন) ট্রাম্প এই মর্মে একটি সরকারি নির্দেশনামায় সই করেন। মধ্য প্রাচ্যের এই দেশটি এখন সব বাধা কাটিয়ে বিশ্ব অর্থনীতির অংশ হতে পারবে।
এর আগে, ২০০৪ সাল থেকে সিরিয়ার উপরে ছিল এই নিষেধাজ্ঞা। এর ব্যাপক প্রভাব পড়েছিল সিরিয়ার অর্থনীতিতে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, সিরিয়াকে স্থিতিশীল এবং শান্তির পথ দেখাতে এই সিদ্ধান্ত নেয়া। যদিও সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান বাসার আসাদ এবং তার সঙ্গীদের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র।
এছাড়াও ট্রাম্প মার্কিন অভ্যন্তরীণ মন্ত্রণালয়কে সিরিয়ার হায়াত তাহরির-আল-শামের সন্ত্রাসবাদে যোগের বিষয়ে মূল্যায়ন করতে বলেছেন।
সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।







