পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাবে সাড়া না দেয়া প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প যা খুশি করুক, কিছু যায় আসে না।
আজ (১২ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই করতে চান, তাতে তেহরান কিছুই মনে করবে না।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং অনেক সময় শাসনও করছে। তবে এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমরা তাদের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না, তারা যা খুশি করুক।
এর আগে ট্রাম্পের পক্ষ থেকে নতুন পারমাণবিক চুক্তি প্রস্তাবের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার জবরদস্তি আলোচনা মেনে নেওয়া হবে না।
এই বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার জন্য দুটি উপায় রয়েছে একটি সামরিক হস্তক্ষেপ, অন্যটি একটি নতুন চুক্তি।








