অর্থনীতি

১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য, ৪.২ শতাংশ প্রবৃদ্ধির শঙ্কা: কোন পথে অর্থনীতি?

১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য, ৪.২ শতাংশ প্রবৃদ্ধির শঙ্কা: কোন পথে অর্থনীতি?

বাংলাদেশের অর্থনীতি এখন উচ্চাভিলাষী লক্ষ্য ও কঠিন বাস্তবতার মধ্যবর্তী এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে সরকার। অথচ প্রয়োজনীয় সংস্কার না হলে আগামী এক দশকে দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৪.২ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা এই লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়ন এবং যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের পর্যবেক্ষণ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একদিকে সরকার প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে দিতে ‘অর্থনৈতিক গণতন্ত্রায়নের’ কথা বলছে, অন্যদিকে অর্থনীতির মৌলিক দুর্বলতাগুলো কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। ফলে প্রশ্ন উঠেছে, বিদ্যমান বাস্তবতায় এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছানোর মতো প্রবৃদ্ধি ও বিনিয়োগ নিশ্চিত করা কতটা সম্ভব?

প্রবৃদ্ধির পূর্বাভাস ও লক্ষ্যের ব্যবধান

১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য, ৪.২ শতাংশ প্রবৃদ্ধির শঙ্কা: কোন পথে অর্থনীতি?

বিশ্বব্যাংকের ১৯ নভেম্বর প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার না হলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশ হতে পারে। তবে রাজস্ব আহরণ, সরকারি ব্যয়ের দক্ষতা এবং জ্বালানি খাতে কার্যকর সংস্কার করা গেলে এই হার ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। এমনকি ২০৩৪-৩৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এ জন্য বিনিয়োগ, শিল্পায়ন, উৎপাদনশীলতা ও রপ্তানি সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

তবে এই লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য। অর্থনীতির বর্তমান আকার, বিনিয়োগের হার এবং উৎপাদনশীলতার বাস্তবতা বিবেচনায় নিলে কেবল লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয়। বরং অর্থনৈতিক কাঠামোয় এমন পরিবর্তন আনতে হবে, যাতে প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি তৈরি হয়।

ব্যাংকিং সংকট ও বিনিয়োগের অনিশ্চয়তা

বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অন্যতম বড় বাধা ব্যাংক খাতের দুর্বলতা। খেলাপি ঋণের উচ্চ হার, সুশাসনের ঘাটতি এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহের সংকোচন শিল্প ও ব্যবসা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করছে। দ্য ইকোনমিস্টের পর্যবেক্ষণেও বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এই দুর্বলতা নিয়ে উদ্বেগ উঠে এসেছে। এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট।

ব্যাংক খাতের সংকটের প্রভাব এখন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই। নতুন শিল্প স্থাপন, চলমান ব্যবসার সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরির সক্ষমতাও এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে উচ্চ সুদহার, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি যুক্ত হয়ে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ড. ফাহমিদা খাতুন
ড. ফাহমিদা খাতুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন মনে করেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের দুর্বলতা। উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে চাহিদার দুর্বলতা ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারণকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে নীতির ধারাবাহিকতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।

চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে ড. ফাহমিদা খাতুন বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসার ব্যয় কমানো এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা। অন্যদিকে মধ্যমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে ড. ফাহমিদা খাতুন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়, ঋণ পুনঃতফসিলের অপব্যবহার বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ও স্বাধীনতা জোরদার করা জরুরি। দুর্বল ব্যাংক পুনর্গঠনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতির স্থিতিশীলতা বজায় রাখা, প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বিনিয়োগের পরীক্ষা

অর্থনীতির আকার আট বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়াতে হলে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন। এ জন্য মোট বিনিয়োগ জিডিপির প্রায় ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন সহজ নয়। ব্যাংক খাতের দুর্বলতা, উচ্চ সুদহার, জ্বালানি সংকট এবং নীতিগত অনিশ্চয়তা বেসরকারি বিনিয়োগের প্রধান প্রতিবন্ধক।

বিশ্বব্যাংকের প্রতিবেদনেও সরকারি বিনিয়োগের দুর্বল চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সরকারি মূলধনি ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০২৫ অর্থবছরে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। একই সঙ্গে কর্মক্ষম নারীদের পাঁচজনের মধ্যে তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এসব পরিসংখ্যান দেখায়, অর্থনীতির প্রবৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল কর্মসংস্থান ও শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোও জরুরি।

একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, অনুমোদনে দীর্ঘসূত্রতা, করনীতির অনিশ্চয়তা ও জ্বালানি সংকট দূর না হলে বৈদেশিক বিনিয়োগের কাঙ্ক্ষিত প্রবাহ তৈরি করা কঠিন হবে। রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রেও তৈরি পোশাকশিল্পের বাইরে ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতকে এগিয়ে নিতে হবে।

অর্থনৈতিক গণতন্ত্রায়ন: প্রবৃদ্ধির সুফল কারা পাবে?

সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন’ একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের ভাষায়, সরকারের নতুন অর্থনৈতিক মডেলের আদর্শিক ভিত্তি হলো অর্থনীতির গণতন্ত্রায়ন। এর মূল লক্ষ্য প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সম্প্রতি এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার এমন একটি প্রবৃদ্ধির মডেল গড়ে তুলতে চায়, যার সুফল সমাজের সব স্তরের মানুষ পাবে। এ জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দেশীয় ও রপ্তানিমুখী শিল্পের জন্য সমান সুযোগ তৈরি এবং প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে প্রায় ৬০ হাজার কোটি টাকার পুনর্গঠন প্যাকেজ তৈরির কথাও জানান তিনি।

দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনের স্ক্রিনশট
দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনের স্ক্রিনশট

তবে অর্থনৈতিক গণতন্ত্রায়নের বাস্তব সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষের অর্থনৈতিক অংশগ্রহণ কতটা বাড়ছে তার ওপর। শুধু অর্থনীতির আকার বৃদ্ধি কিংবা বড় শিল্পপ্রতিষ্ঠানের সম্প্রসারণ এ লক্ষ্য পূরণ করবে না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, নারীর শ্রমবাজারে অংশগ্রহণ, ন্যায্য মজুরি, দক্ষ কর্মসংস্থান এবং আয়বৈষম্য কমানোর বিষয়গুলোও গুরুত্ব পেতে হবে।

অর্থনীতির প্রবৃদ্ধি বাড়লেও যদি কর্মসংস্থান না বাড়ে, ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত হন এবং সাধারণ মানুষের প্রকৃত আয় না বাড়ে, তাহলে অর্থনৈতিক গণতন্ত্রায়নের প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হবে না।

বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য উচ্চাভিলাষী হলেও অর্থনীতির সম্ভাবনার সঙ্গে তা অসামঞ্জস্যপূর্ণ নয়। তবে এ জন্য প্রচলিত উন্নয়ন কৌশলে মৌলিক পরিবর্তন আনতে হবে। ঋণনির্ভর ব্যয় কিংবা অবকাঠামো সম্প্রসারণের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে না।

বিশ্বব্যাংকের ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস তাই বাংলাদেশের জন্য কেবল একটি সতর্কবার্তা নয়, বরং অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে, এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য দেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতিফলন। এই দুইয়ের মধ্যে ব্যবধান কমাতে হলে ঘোষণার চেয়ে বাস্তবায়নে বেশি গুরুত্ব দিতে হবে।

শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য নির্ধারিত হবে শুধু জিডিপির আকার দিয়ে নয়; বরং প্রবৃদ্ধি কতটা উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি করছে, মানুষের প্রকৃত আয় ও জীবনযাত্রার মান কতটা বাড়াচ্ছে এবং অর্থনৈতিক সুযোগ সমাজের কতটা বিস্তৃত অংশের কাছে পৌঁছে দিচ্ছে, তার ওপর।

বিষয়:গড় বার্ষিক প্রবৃদ্ধি দ্য ইকোনমিস্ট বাংলাদেশের অর্থনীতি বিশ্বব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…