যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের জন্য অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্যে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো দেশের নির্বাচন নিয়ে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা গণতান্ত্রিক মান নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, যদি না সেটি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থের অন্তর্ভুক্ত হয়।
আজ (১৮ জুলাই) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, একটি অভ্যন্তরীণ বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের সব মার্কিন দূতাবাসকে এই নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়, নির্বাচন নিয়ে কোনো ধরনের বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অধিকার শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের থাকবে। অন্য কোনো কূটনীতিক এসব বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এখন থেকে কেবলমাত্র ‘সুস্পষ্ট ও জরুরি’ পররাষ্ট্রনীতির স্বার্থ জড়িত থাকলেই কোনো নির্বাচনের বিষয়ে মন্তব্য করা যাবে। তবে সেই মন্তব্যও হবে অত্যন্ত সীমিত—বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানানো এবং কৌশলগত স্বার্থের ওপর আলোকপাত করার মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে।







