আন্তর্জাতিক

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউএফসি প্রধান ডানা হোয়াইট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন ইউএফসির প্রধান নির্বাহী ডানা হোয়াইট। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়ার কথা জানান ট্রাম্প। তাকে ‘লড়াকু যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’

পোস্টে ট্রাম্প ইউএফসির ছয়জন যোদ্ধার নাম উল্লেখ করে তাঁদেরও ডানা হোয়াইটের সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন। তাঁদের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ’ বামপন্থীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানাকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই প্রস্তাব ছিল নিছক রসিকতা। শনিবার লন্ডনে একটি বক্সিং ইভেন্টের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডানা হোয়াইট সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, প্রেস সেক্রেটারি পদে নিয়োগ নিয়ে ট্রাম্প প্রশাসনে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত আগস্টে পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন।

লেভিটের বিদায়ের পর নতুন প্রেস সেক্রেটারি খুঁজছিলেন ট্রাম্প। এর মধ্যে কেটি জাকারাইয়াকে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হয়। একটি সংবাদ সম্মেলন যথাযথভাবে সামলাতে না পারায় ট্রাম্প তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেস সেক্রেটারি পদে এটিই ছিল সবচেয়ে স্বল্প সময়ের দায়িত্ব পালনের ঘটনা।

প্রেস সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক চাপও ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে দলটি।

ইউএফসি প্রধান ডানা হোয়াইট। ছবি: সংগৃহীত

ট্রাম্পের সঙ্গে ডানা হোয়াইটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইউএফসি প্রধান। ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসে ফিরিয়ে আনতেও ভূমিকা রেখেছিলেন তিনি।

চলতি বছরের শুরুতে ডানা হোয়াইটের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁর মাধ্যমে এমন অনেক তরুণের সঙ্গে পরিচয় হয়েছে, যাঁদের আগে চিনতেন না। তাঁদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব বা ইনফ্লুয়েন্সার।

ডানা হোয়াইটের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:ট্রাম্প প্রশাসন প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…