শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতে ভর্তির আবেদন, পরীক্ষা ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতে ভর্তির আবেদন, পরীক্ষা ফেব্রুয়ারিতে

সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে।

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময় বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইউজিসির; ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। তাঁদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখে যেন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ইউজিসি। ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি বছরজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়। চলতি শিক্ষাবর্ষে আগের বছরের মতোই বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাইয়ের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির আসন প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে, কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

বিষয়:এইচএসসি ও সমমান পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…