এআইয়ের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের বিপক্ষে ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে কোনো ধরনের বৈশ্বিক বিধিবিধান বা আন্তর্জাতিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ধরনের উদ্যোগ এআইয়ের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।
আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এই অবস্থানের কথা জানান তিনি। ট্রাম্প বলেন, এটি সুপার ইন্টেলিজেন্স। তবে আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটি প্রায় পুরোপুরি ইতিবাচক হলেও এর কিছু নেতিবাচক দিক রয়েছে। সেগুলো মোকাবিলায় সতর্ক থাকা প্রয়োজন। সুপার ইন্টেলিজেন্সের বিকাশ নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করতে পারে এমন যেকোনো ধরনের বৈশ্বিক বিধিবিধান বা নিয়ন্ত্রণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। সত্যি বলতে, আমরা এমন কিছু হতে দেব না।
এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কাঠামো গঠনের প্রস্তাব ট্রাম্প প্রশাসন আগেও প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের আশঙ্কা, কঠোর আন্তর্জাতিক বিধিবিধান এআই প্রযুক্তির উন্নয়ন ও প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে চীনের তুলনায় পিছিয়ে দিতে পারে।





